প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2025 ইং
আত্রাইয়ে রাণীনগর অর্গানাইজেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ২০২৫
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনে রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্যাম্পেইনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারাও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নূরে আলম। তিনি ক্যাম্পেইনের কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন -
“রক্ত একটি অমূল্য সম্পদ। প্রয়োজনে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম সমাজে রক্তদানের প্রতি সচেতনতা বাড়াতে সহায়ক হবে। রাণীনগর অর্গানাইজেশনের এই মহৎ উদ্যোগ তরুণ সমাজকে মানবসেবায় উৎসাহিত করছে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন। তিনি সংগঠনের এই কার্যক্রমকে প্রশংসা করেন এবং বলেন, সামাজিক উন্নয়নের জন্য রক্তদানের মতো কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীদ, সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মোয়াজ্জেমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা বলেন, মানুষের প্রয়োজনে রক্ত সরবরাহ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য, এবং এজন্য প্রতিটি মানুষকে রক্তদাতা হিসেবে এগিয়ে আসতে হবে।
ক্যাম্পেইনের পুরো সময়টায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিশু, তরুণ ও বয়স্ক, সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করে এবং অনেকেই সংগঠনের ওয়েবসাইটে অনলাইন রক্তদাতা হিসেবে নিবন্ধন করেন।
উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মানবতার সেবায় রাণীনগর অর্গানাইজেশনের এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন